সবার আগে ৬জি পরীক্ষায় চীন

৮ নভেম্বর, ২০২০ ১৭:৫০  
বিশ্বে সবার আগে সিক্স-জি মোবাইল ইন্টারনেট প্রযুক্তির পরীক্ষা শুরু করেছে চীন। গত ৬ নভেম্বর উত্তর চীনের শানশি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে কক্ষপথে সফলভাবে বিশ্বের প্রথম ৬জি যোগাযোগ স্যাটেলাইটটি পাঠানো হয়েছে। একই দিনে আরো ১৩টি স্যাটেলাইট উৎক্ষেপন করা হয়। চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) জানিয়েছে, তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বিস্ফোরিত লং মার্চ-৬ বাহক রকেট এই যন্ত্রগুলো মহাকাশে স্থাপন করেছে। খবরে বলা হয়েছে, ৬জি স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। এর সঙ্গে রয়েছে আর্জেন্টিনার কোম্পানি স্যাটেলজিক এর তৈরি ১০টি বাণিজ্যিক রিমোট সেন্সিং স্যাটেলাইট। চীনের ইলেকট্রনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামানুসারে এই স্যাটেলাইটটি যৌথভাবে তৈরি করেছে চেংডু গুক্সিং এরোস্পেস টেকনোলজি, ইউইএসটিসি এবং বেইজিং মিনোস্পেস টেকনোলজি। চীনা বিশেষজ্ঞদের অনুমান ইন্টারনেট গতির ক্ষেত্রে ফাইভজি থেকে কয়েকগুণ বেশি গতিসম্পন্ন হবে টেরাহার্টজ ওয়েভ প্রযুক্তির সিক্স-জি। তবে, মোবাইল কোম্পানিগুলো এই প্রযুক্তির জন্য এখনই তৈরি কী না তা নিয়ে কিছু জানা যায়নি।